মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিশ্বের সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় লিখেছে, ভারতে তেলের দাম কমেছে। আমাদেরও কমানো উচিত।
রবিবার (১৪ নভেম্বর) দুপুরে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি অ্যাকাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) প্রথম ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় লিখেছে, ভারতে তেলের দাম কমেছে। আমাদেরও কমানো উচিত। অথচ ভারতে কমানোর পর এখনও আমাদের দেশের চেয়ে দেশটিতে পেট্রোল ও কেরোসিনের দাম বেশি। আমরা যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। তবে দেখা যাক, প্রধানমন্ত্রী দেশে এসেছেন, বিষয়টি তিনি বিবেচনা করতে পারেন।
আনসার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
এক হাজার ১৯৮ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে রবিবারে সমাপনী কুচকাওয়াজে অংশ নেন তারা। কুচকাওয়াজের শুরুতে প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন। এ সময় বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সঙ্গে ছিলেন। পরে প্রশিক্ষণার্থীরা ছয় সারিতে মার্চপাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান।









