নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর থেকে এক শ্রমিকের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ফতুল্লার মুসলিমনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের লাশের মাথা থেকে কোমর পর্যন্ত বস্তাবন্দি ছিল। এ ছাড়া হাত-পা দড়ি দিয়ে বাঁধা এবং মুখে স্কচটেপ পেঁচানো ছিল।
নিহত শ্রমিক আমির হামজা (২৫) টাঙ্গাইল সদর উপজেলার আব্দুল খালেকের ছেলে। তিনি ফতুল্লার শাসনগাঁও এলাকার একটি মেসে ভাড়া থাকতেন। ফতুল্লার বিসিকের এম এস ডায়িং নামে একটি কারখানায় চাকরি করতেন তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু হয়েছে।








