মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ১২০০ ঠিকাদারের লাইসেন্স নবায়ন না করার অভিযোগ

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২৪ নভেম্বর ২০২১, ২২:১৭আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২২:১৮

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম নিজের পছন্দের ঠিকাদারদের দিয়ে কোটেশনের মাধ্যমে উন্নয়নকাজ করিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদাররা। অনেক ঠিকাদার কাজ শেষে বিলের জন্য দিনের পর দিন ঘুরেও পাননি। ১২০০ তালিকাভুক্ত ঠিকাদারের লাইসেন্স নবায়ন না করার অভিযোগও তুলেছেন ঠিকাদাররা।

সিটি করপোরেশনের মৌসুমী ট্রেডার্সের মালিক আব্দুস ছাত্তার বলেন, সিটি করপোরেশনে তালিকাভুক্ত ১২০০ ঠিকাদার রয়েছেন। গত তিন বছরে কোনও ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করেননি মেয়র।

তিনি বলেন, মেয়রের মা, ভাই ও ঘনিষ্ঠ ব্যক্তি আমিনুল খোরশেদের নামে লাইসেন্স দিয়ে ১২-১৩টি ফার্মের কাজ করিয়েছেন মেয়র। আমাদের লাইসেন্স নবায়ন করলে কাজ দিতে হতো। টেন্ডার ছাড়তে হতো। এখন কোটেশন দেখিয়ে বিল তুলে নিয়ে যান তারা। বিশেষ করে আমার দুই কোটি ৩৩ লাখ টাকার কাজ রয়েছে। এই কাজ থেকে হয়তো তারা কোনও সুবিধা পাবে না। ইজিপি থেকে লটারিতে পাওয়া কাজ। ওয়ার্ক অর্ডার হয়েছে, আমি ব্যাংকে ১১ লাখ টাকা জমা দিয়েছি। সব দেওয়ার পরও মেয়র সাইড বুঝিয়ে দেন না। সালনা মাস্টারবাড়ি এলাকার একটি আরসিসি রাস্তার কাজ করিয়েছি। মেয়রের কাছে বহুবার যাওয়ার পর বলেছেন, এই সপ্তাহ না ওই সপ্তাহ আসেন। এভাবে দুই বছর ধরে ঘুরাচ্ছেন। আমার চারটা কাজের বিল দিচ্ছেন না। এগুলো নিয়ে তার বাসায় বাগবিতণ্ডা হয়েছে আমার।

তিনি বলেন, একটি লাইসেন্স নবায়নে প্রতিবছর সিটি করপোরেশনের দুই হাজার টাকা আয় হতো। আমার সব কাগজপত্র আছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, গাজীপুরের দুই মন্ত্রী ও ডিসিসহ অনেক দায়িত্বশীল ব্যক্তিকে ডাকযোগে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছি। তার বিরুদ্ধে মামলা করবো। দুর্নীতিবাজ মেয়রকে ছাড় দিতে রাজি না।

একই অভিযোগ করে মেসার্স মাসুদ কনস্ট্রাকশনের ঠিকাদার শেখ মাসুদ বলেন, সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদার হয়েও গত তিন বছর লাইসেন্স নবায়ন করতে পারিনি। মেয়র জাহাঙ্গীর নতুন করে লাইসেন্স করে দিয়েছেন। কিন্তু পুরনো লাইসেন্স নবায়ন করেননি।

আনিকা ট্রেডার্সের আইনুদ্দীন তালুকদার বলেন, মেয়রের ঘনিষ্ঠ লোক দিয়ে সিটি করপোরেশনের ৭০০ কিলোমিটার রাস্তা করেছেন। তাদের স্থানীয় ঠিকাদাররা চেনেন না। প্রতি ঈদে দুবার কাজের বিল দেওয়া হয়। আমরা বকেয়া বিলের টাকা উঠাতে গেলে দেখি যারা বিল নিতে আসেন তারা অপরিচিত। মেয়র তার লোকদের মাধ্যমে কোটেশন দিয়ে কাজ করান। মেয়রের গ্রাম কানাইয়ার আমিনুল, পারফেক্ট ইঞ্জিনিয়ারের মনির, রুবেল, রানা মোল্লা, আমানউল্লাহর মাধ্যমে মেয়র কাজ করিয়েছেন। আমাকেও অফার দিয়েছিল। কিন্তু মেয়র টাকা দেন না। তাই আমি ঝুঁকি নিইনি। তিন বছর সিটি করপোরেশনের কাজ না পেয়ে এলজিইডি, পিআইওসহ বিভিন্ন থানার কাজ করেছি। সিটির নাগরিক হয়েও কাজ করতে পারিনি। ২০১৪-১৫ অর্থবছরের বিলের টাকা বকেয়া রয়েছে। এখনও পাইনি। একটি কাজের বিল জমা দিয়ে ২৮ লাখ টাকার চেক পেয়েছি। আবার তা ফেরত নিয়ে গেছে।

রফিক এন্টারপ্রাইজের ঠিকাদার রফিকুল ইসলাম বলেন, গত তিন বছরে আমার প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়নি। মেয়রের মন চাইলে নবায়ন করেন, নয়তো করেন না। নবায়ন করা হলে সব প্রতিষ্ঠান টেন্ডার জমা দানে অংশ নেবে। মেয়রের উদ্দেশ্য ব্যাহত হবে। এ জন্য নবায়ন করেননি। নবায়ন করা হলে সিটি করপোরেশনের কোনও ক্ষতি হতো না। বরং যোগ্যতা না থাকলে সেই প্রতিষ্ঠান টেন্ডার থেকে বাদ পড়তো। কিন্তু নবায়নের ক্ষেত্রে নির্ধারিত ফি আদায়ে বাড়তি রাজস্ব আয় হতো। অন্যদিকে, নবায়ন নেই কিন্তু যোগ্যতা রয়েছে; এমন অসংখ্য ঠিকাদারি প্রতিষ্ঠান আছে সিটি করপোরেশনের তালিকাভুক্ত। তারা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়ে কাজ পাওয়ার পর নবায়ন না থাকলে বাদ পড়তো।  

হোসাইন কনস্ট্রাকশনের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী আজাদ সারোয়ার বলেন, আমার প্রতিষ্ঠানের অধীনে সিটি করপোরেশনের জরুন-বাগানবাড়িতে সাড়ে তিন কিলোমিটার সড়ক সংস্কারের কাজ চলমান। ১৮ কোটি টাকার কাজটি ইতোমধ্যে ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

নবায়ন না হওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়মনীতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কত টাকার প্রকল্পের কাজ করতে পারবে, তার জন্য কমপক্ষে ন্যূনতম যোগ্যতা থাকতে হয়। 

উদাহরণ টেনে তিনি বলেন, ১৮ কোটি টাকার কাজে অংশ নেওয়ার ক্ষেত্রে ওয়ার্ক অর্ডার পাওয়ার যোগ্যতা হিসেবে আমার ওই বছরের আগের বছর কমপক্ষে ১৫ কোটি টাকার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

এ বিষয়ে সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন বলেন, ঠিক কতজন ঠিকাদার সিটি করপোরেশনের তালিকাভুক্ত; তার সঠিক হিসাব আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুমতি দিলে যাচাই করে তা বলতে পারবো।

এ ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, নিবন্ধিত ঠিকাদারি প্রতিষ্ঠানসমূহের নাম ও নবায়ন না করার কারণ আমার জানা নেই। অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেনের সঙ্গে কথা বলতে বলেন তিনি।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত তিন বছরে নতুন পুরাতন মিলিয়ে ১৪ প্রতিষ্ঠানের ঠিকাদারি লাইসেন্স নবায়ন করা হয়েছে। ওসব প্রতিষ্ঠান এবং বাইরের কিছু প্রতিষ্ঠান কাজের সক্ষমতার ভিত্তিতে সিটি করপোরেশনের উন্নয়নকাজে অংশ নিয়ে সেগুলো সম্পন্ন করছে। গত তিন বছরে একাধিক প্রকল্পে দুই হাজার ১০০ কোটি টাকার সড়ক সংস্কার ও ড্রেনেজ নির্মাণকাজ হয়েছে। নবায়ন না থাকলে টেন্ডার ক্রয়ে অংশ নিয়ে কাজ পাওয়ার পরও নবায়ন না করা তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহ বাদ পড়েছে। তবে যেসব প্রতিষ্ঠানের যোগ্যতা রয়েছে সেসব ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্ত না থাকলেও টেন্ডারে অংশ নেওয়ার সুযোগ পায়। এটি সক্ষমতার ভিত্তিতে হয়।

এসব বিষয়ে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, দুই মাস আগেও আমার বিরুদ্ধে এসব অভিযোগ কেউ করেনি এবং আপনারাও আমাকে প্রশ্ন করেননি। আজ আমি বেকায়দায় পড়েছি, তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি কোনও ব্যবসায়ী, শিল্পপতি কিংবা কারও জমি আত্মসাৎ করেছি; এমন কিছু কেউ দেখাতে পারলে আমাকে বিচারের মুখোমুখি করুক। আমাকে মনে হয় ফাঁসি দিতে পারলে তারা (যারা ষড়যন্ত্র করছে) খুশি হবে। আমাকে ফাঁসি দিন। আমার ফাঁসি ফেরানোর জন্য উকিল নিয়োগ করবো না।

তিনি বলেন, আমার মা, ভাইবোনকে কেউ চেনেন না। এমনকি আপনারাও না। আমি তাদের ক্ষমতা থেকে দূরে রেখেছি। আমার পর্যন্ত কোনও ব্যক্তি না এসে কিংবা কারও ফাইল আমার পর্যন্ত না এনে যদি দোষারোপ করে তাহলে আমি কী বলব? কেউ আমার কাছে ফাইল দেওয়ার পর সেটা আমি ফেরত পাঠিয়েছি, এমন কথা কেউ বলতে পারবে না। চলতি কাজের বিল পরিশোধ না করে আমার আগের আমলের বিল কীভাবে পরিশোধ করবো? কাজ না করে লোকজন বিল তুলতে এলে আমি কীভাবে দেবো?।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী