গাজীপুরে দায়িত্ব পালনকালে ট্রেনের ধাক্কায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী গুরুতর আহত হয়েছেন।
শাহজাহান আলী (৩৮) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানায় কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ধাক্কায় জয়দেবপুর রেলক্রসিং এলাকায় তিনি আহত হন।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকালে শহরের মুক্তমঞ্চ হতে জয়দেবপুর রেলক্রসিং হয়ে ভাওয়াল রাজবাড়ি সড়কে দায়িত্ব পালন করছিলেন এএসআই শাহজাহান আলী। সকালে রেলক্রসিং এলাকায় সড়ক ও রেললাইনের ওপর থেকে ভ্রাম্যমাণ দোকান এবং হকার উচ্ছেদ করছিলেন।
এ সময় ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি মাথা ও মুখে আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। খবর পেয়ে সহকর্মীরা অচেতন অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম বলেন, টাঙ্গাইল থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি সকাল ৯টা ৪০ মিনিটে জয়দেবপুর স্টেশনে আসে। নির্ধারিত সময়ে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। দুর্ঘটনার বিষয়টি আমরা শুনেছি।








