ফরিদপুরের নগরকান্দায় বিয়ের দুই মাসের মাথায় এক দম্পতি ‘আত্মহত্যার’ চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্বামী মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেছেন স্ত্রী।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে স্ত্রী ‘আত্মহত্যার’ চেষ্টা করেন। স্বামী ঢাকায় ভাড়া বাসায় ‘আত্মহত্যা’ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আক্কাস মোল্যার ছেলে বাইজিদ মোল্যা (২০) ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। দুই মাস আগে মুকসুদপুর উপজেলার কৃঞ্চারদিয়া গ্রামের জাহাঙ্গীর তালুকদারের মেয়ে সোমা আক্তারকে (১৮) বিয়ে করেন বাইজিদ। ভালোই চলছিল তাদের সংসার। বাইজিদ কর্মস্থল ঢাকায় আর স্ত্রী বাড়িতে থাকতেন।
আক্কাস মোল্যা বলেন, রবিবার রাতে বাইজিদের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়েছে। সোমবার সকালে আবারও ঝগড়া করে তারা। সকাল ১০টার দিকে সোমা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যার’ চেষ্টা চালায়। বিষয়টি দেখে সোমাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। তার চিকিৎসা চলছে। ওই সময় খবর পাই বাইজিদ গলায় রশি পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছে। পুলিশ জানিয়েছে, বাইজিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। তারা একসঙ্গে ‘আত্মহত্যার’ চেষ্টা করেছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন বলেন, এ ঘটনায় আমরা এখনও অভিযোগ পাইনি। বাইজিদ যেহেতু ঢাকায় মারা গেছে সেহেতু তার ময়নাতদন্ত ঢাকায় হবে। তার স্ত্রী সুস্থ হলে আত্মহত্যা চেষ্টার কারণ জানতে চাইবো আমরা।









