নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়া আক্তার নামে এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাহপরান রুবেলকে আটক করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে খানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাহপরান রুবেল আইলপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ১৪ ডিসেম্বর রাতে আইলপাড়ার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া তানিয়াকে তার বাসায় ধর্ষণের চেষ্টা করে রুবেল। এ সময় তানিয়া একটি ছুরি নিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। তখন হঠাৎ পেছন থেকে জাপটে ধরে ওই ছুরি দিয়ে তানিয়ার পেটে আঘাত করে রুবেল। একপর্যায়ে রুবেল গলা কেটে তানিয়াকে হত্যা করে পালিয়ে যায়।
উল্লেখ্য, রুবেলের একাধিক স্ত্রী ছিল। সে নারীদের সুযোগ পেলেই উত্ত্যক্ত করতো। তানিয়াকে একবার বিয়ের প্রস্তাবও দিয়েছিল। তখন তানিয়ার বাবা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে।









