মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে ওই ওয়ার্ডের বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ সংঘর্ষ বাধে।
এ সময় ভোটকেন্দ্রের পাশে দাঁড়ানো স্থানীয় চরডালুটিয়া গ্রামের মো. মাহাতাব আলীর স্ত্রী সুমেলা খাতুন (৫০) ঘটনাটি দেখে স্ট্রোক করেন। পরে তাকে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নৌকায় ভোট দিতে বাধ্য করায় ১০ জনের কারাদণ্ড
দৌলতপুর থানার ওসি মো. জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওই নারী স্ট্রোক করে মারা গেছেন। এরপর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মানিকগঞ্জের দৌলতপুর আট ও হরিরামপুরের ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।








