মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম সাজিদ হোসেন (১৭)। সাজিদ এবার এসএসসি পাস করেছেন। তার বাড়ি উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রামের দক্ষিণ জাইল্যা গ্রামে। তার বাবা সৌদী প্রবাসী জয়নাল আবেদীন। সে এবার চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার (৯ জানুয়ারি) রাতে সাজিদ তার বন্ধু মামুনকে নিয়ে মোটরসাইকেলযোগে চারিগ্রাম-বালুখন্ড সড়কে ঘুরতে বের হয়। এ সময় নুরুনীগঙ্গা গাজীখালী নদীর ব্রিজের সাইডে নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজ মোল্লার টিনের ঘরে ঢুকে পড়ে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বন্ধু মামুন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্যা দুর্ঘটনায় নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।









