নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার। তবে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রভাব বিস্তারের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) ১২ নম্বর ওয়ার্ডের খানপুর এলাকায় গণসংযোগে গিয়ে তিনি বলেন, প্রভাব বিস্তারের মতো লোকবল ও প্রশাসন আমার নেই। আমার চেয়ে বেশি দাপটের সঙ্গে প্রচারণা চালাচ্ছেন তৈমুর আলম। কিন্তু তিনি কেন এমন অভিযোগ আনছেন, আমি জানি না। হয়তো এটি তার নতুন কোনও চাল। আমি নির্বাচনের মাঠেই থাকতে চাই, ভোটারদের নিয়েই আমি আছি।
আইভী বলেন, গত ১৮ বছরে নারায়ণগঞ্জের মানুষ আমাকে জানে, আমাকে দেখে আসছে। আমি যা বলি, প্রকাশ্যেই বলি। আমি আরও দুটি সিটি নির্বাচন করেছি, কেউ বলতে পারবে না নির্বাচনে প্রভাব বিস্তার করেছি।
আইভী বলেন, প্রশাসন আমাকে কখনও সেভাবে হেল্প করেনি। হঠাৎ করে তারা কেন আমাকে হেল্প করবে, এটা বিশ্বাস করি না। নিশ্চয়ই প্রতিটা নির্বাচনে প্রশাসনের একটা স্ট্র্যাটেজি থাকে, তারা কী করছে আমি জানি না।









