নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অবস্থিত জাহিন নিটওয়্যার নামের পোশাক কারখানার শুক্রবার (২৮ জানুয়ারি) আগুন লাগে। পাঁচ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে ছয়টি ইউনিটের মধ্যে চারটি পুড়ে গেছে। তবে এ ঘটনার পর শনিবার সকাল থেকে কারখানার দুটি ইউনিটে কাজ শুরু হয়েছে।
১ নম্বর ইউনিটের ফিনিশিং সুপারভাইজার সাখাওয়াত হোসেন বলেন, প্রতিষ্ঠানের ১ ও ৩ নম্বর ইউনিটে আগুন লাগেনি। তাই এই দুটি ইউনিটে সুইং, ফিনিশিং, কাটিং, ডায়িং ও অফিস রুমের কর্যকম চলছে।
আরও পড়ুন: ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের কারখানার আগুন
প্রতিষ্ঠানের সুইং বিভাগের শ্রমিক হাবিব জানান, বিকাল ৪টার দিকে আগুন লাগে। প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীরা প্রথম বের হয়ে ২নং ইউনিটের সামনে ‘আগুন আগুন’ বলে চিৎকার করতে থাকেন। এ প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। কিন্তু শুক্রবার হওয়ায় বেশিরভাগ ইউনিট বন্ধ ছিল। তবে প্রতিটি ইউনিটে কিছু শ্রমিক তৈরি পোশাক প্যাকেট করে শিপমেন্টের জন্য ৬নং ইউনিটে কাজ করছিলেন।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানের আশপাশে বেশ কিছু শ্রমিক বসবাস করেন। দূর থেকে ধোঁয়া দেখে তারা আগুন নেভাতে আসেন। প্রচুর ধোঁয়ায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে পাশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা ফ্যাক্টরির ২ নম্বর ইউনিটের দোতলা শেডের আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিকরা সেখানে ঢুকে জানালার কাচ ভেঙে দেন যাতে ধোঁয়া বের হতে পারে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকলে তারা নেমে এসে নিরাপদ দূরত্বে অবস্থান নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানো শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ১৫০ কর্মী প্রায় পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।









