কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ প্রকল্পের জন্য মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (৩০ জানুয়ারি) বিকালে কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রাম ও ভৈরব উপজেলার আকবরনগর গ্রামের বাসিন্দার মধ্যে এই সংঘর্ষ হয়।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী জানান, গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ঘর নির্মাণের মাটি উত্তোলনের জন্য সীমানা নির্ধারণ করতে গেলে সকালে গ্রামবাসী বাধা দেয়। পরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, ঘর নির্মাণের মাটি উত্তোলনের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ার মাধবদী গ্রামে সীমানা নির্ধারণে যান। এর আগেও সীমানা নির্ধারণের জন্য গ্রামে গিয়েছিলেন তারা। রবিবার সকালে আবারও জমির সীমানা নির্ধারণের জন্য গেলে মাধবদী ও আকবরনগর গ্রামের লোকজন বাধা দেয়। তারা অভিযোগ করেন, সঠিকভাবে জমির সীমানা নির্ধারণ করা হয়নি। পরে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং সংঘর্ষ ঘটে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে দুই গ্রামের পরিস্থিতি স্বাভাবিক। আহতরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।








