টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দিয়ে বাড়ি ফিরে সখিনা বেওয়া (১০২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সখিনা বেওয়া উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী। এর আগে দুপুরে আলমনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেন তিনি।
সখিনা বেওয়ার ভাগনে জুলহাস মিয়া জানান, দুপুরে ছেলে ও নাতনির সহায়তায় ভ্যানে কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। বিকালে বাড়ি ফেরার পর তার মৃত্যু হয়।
সখিনা বেওয়ার ছেলে মজিবর রহমান বলেন, ‘আমার মায়ের বয়স ১০০ বছর ছাড়িয়ে গেছে। একা চলতে পারেন না। তাই নাতনির সহযোগিতায় বাড়ি থেকে ভ্যানে করে কেন্দ্রে নেওয়া হয়েছিল। ভোট দিয়ে এসে বিকালে তার মৃত্যু হয়। মা জীবনের শেষ ভোট দিলেন।’
প্রসঙ্গত, ষষ্ঠ ধাপে গোপালপুর উপজেলার মির্জাপুর, আলমনগর, হাদিরা, নগদাশিমলা ও ধোপাকান্দি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শেষ হয়েছে।
পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাধারণ সদস্য পদে ১৫৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৫১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫০টি কেন্দ্রে মোট এক লাখ ১৭ হাজার ৭৩ ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৮৯২ এবং নারী ভোটার রয়েছে ৫৮ হাজার ১৮১ জন।









