রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
সরেজিমন ও দৌলতদিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, ভোর থেকে পদ্মায় কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মা নদীতে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল ৯টা পর্যন্ত ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত তিন কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে তিনশ’ যানবাহন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে ১৮টি ফেরিতে যানবাহন পারাপার চলছে।









