নারায়ণগঞ্জের ফতুল্লা নন্দলালপুরে আরাফাত মেটাল নামে একটি সিলভার সামগ্রীর কারখানায় বিস্ফোরণে মোকলেস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন রিপন ফকির (২৫) নামে আরও এক শ্রমিক। সোমবার (২৮ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কারখানাটির ব্যবস্থাপক জালাল উদ্দিন বলেন, ‘গতকাল গ্যাস সরবরাহ বন্ধ ছিল। সোমবার সকালে হঠাৎ গ্যাস সরবরাহ চালু হয়। এতে ভাট্টিতে গ্যাস জমে। শ্রমিকরা বিষয়টি বুঝতে না পেরে ভাট্টিতে আগুন দেয়। এ সময় বিকট শব্দে ভাট্টি বিস্ফোরণ ঘটে।’
তিনি আরও বলেন, ‘বিস্ফোরণের সময় কাছে ছিল মোকলেস ও রিপন ফকির। এতে তারা দুজন দগ্ধ হয়। বিস্ফোরণের পর দ্রুত দগ্ধ দুজনকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোকলেসকে মৃত ঘোষণা করেন এবং রিপন ফকিরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’









