শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় ছোট লঞ্চগুলোকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ থেকে চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে যাত্রী-শ্রমিকদের ভোগান্তির কথা বিবেচনা করে এসব লঞ্চ চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। বন্ধ হয়ে যাওয়া লঞ্চ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম। তবে এখনই কোনও সিদ্ধান্ত দেননি তিনি।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে ঘুরে ঘুরে বিভিন্ন রুটের লঞ্চ পরিদর্শন করেন তিনি।
পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আজ পরিদর্শন করেছি। লঞ্চ মালিকদের সঙ্গে মত বিনিময় হয়েছে। ঊর্ধ্বতনদের কাছে এসব তথ্য পৌঁছানো হবে। সে অনুযায়ী পরে সিদ্ধান্ত জানানো হবে।
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালক আজকে লঞ্চ পরিদর্শনে এসেছেন। এ বিষয়ে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে।
লঞ্চ চালুর বিষয়ে কর্মকর্তাদের একটি নির্দিষ্ট সূত্র বলছে, নারায়ণগঞ্জের যেসব লঞ্চ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ, সেগুলো চালু করে দেওয়া হবে। তবে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ লঞ্চগুলো চালু করা হবে না।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার। তিনি বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। লঞ্চ মালিক-শ্রমিকসহ সবার সঙ্গে কথা হয়েছে। লঞ্চ চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা আশ্বস্ত হয়েছি।
এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা নারায়ণগঞ্জ জোনের সভাপতি মো. বদিউজ্জামান বাদল, সহ-সভাপতি রাজাসহ লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।
এর আগে, ২০ মার্চ শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজ রূপসী-৯ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম.এল আফসার উদ্দিন ডুবে ১০ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে নারায়ণগঞ্জ থেকে পাঁচ রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। এই ঘটনার চার দিন পরে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌপথে একটি সি-ট্রাক চালু করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ-চাঁদপুর নৌপথে ঢাকা থেকে আগত দুটি লঞ্চও চালু করা হয়। আর নারায়ণগঞ্জের ছোট লঞ্চগুলো অনিরাপদ বলে এখনও চলাচলের অনুমতি পায়নি।









