শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মালতকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৭ জুন) রাত ১০টায় জাজিরার খোশাল শিকদার কান্দি এলাকায় বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
খোশাল শিকদার কান্দির হাজী কিনাই মালতের ছেলে সাইফুল। তিনি সেনেরচর বিএম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, রাতে জাজিরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ছালাম মালতের বাড়ির সামনে সেতু দিয়ে আসার সময় পথিমধ্যে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
বড় ভাই শামছুল হক মালত অভিযোগ করে বলেন, স্থানীয় রাজনীতিতে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, ‘আমার ভাই মারা যাওয়ার আগে হামলাকারী কয়েকজনের নাম বলে গেছে। তার সঙ্গে থাকা হিরো শেখও হত্যাকাণ্ডে জড়িতদের নাম জানেন।’
হিরো শেখ বলেন, ‘আমরা জাজিরা বাজার থেকে সাইফুল মালতের বাড়ির দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে হামলাকারীরা আমাদেরকে আক্রমণ করে। এ সময় আমি পালিয়ে চলে যাই। কিন্তু সাইফুলকে তারা কুপিয়ে জখম করে।’
জাজিরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে কঠোর বিচার করা হোক।’
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান জানান, রাত ১১টায় গুরুতর আহত সাইফুল মালতকে এখানে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সুজন ফকির (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









