ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। রবিবার (১০ জুলাই) সকাল থেকে আহতরা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
কোরবানি পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অদক্ষ অনেকের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে যায়।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. এস কে ফরহাদ বলেন, ‘কোরবানির পশু জবাই দিতে দিয়ে এ পর্যন্ত ৪৫ জন আহত হয়ে প্রথমিক চিকিৎসা নিয়েছে। তবে তারা কেউ গুরুতর আহত নন। পশু জবাই করতে গিয়ে ছুরি, চাপাতি, বটির আঘাতে আহত হয়েছেন। আবার অনেকে গরু ফেলতে গিয়েও আহত হন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার বলেন, কোরবানির পশু জবাই দিতে গিয়ে ১২ জন রোগী আহত হয়ে প্রথমিক চিকিৎসা নিয়েছেন। পশু জবাই দিতে গিয়ে ছুরি, চাপাতির আঘাতসহ নানাভাবে আহত হন তারা।








