নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উপজেলায় ভাড়া বাসা থেকে এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে পাইনাদী সিআইখোলা এলাকার শাহাদাত হোসেনের বাড়ির পাঁচ তলার একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
তারা হলেন- স্বামী রবিউল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। স্থানীয়রা জানায়, নিহত রবিউল নীলফামারী জেলার আবু তালেবের ছেলে এবং আয়েশা সিদ্দিকা বান্দরবান জেলার অনিল দাশের মেয়ে। গত ১৪ জুন লাকি দাস ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নাম পরিবর্তন করে আয়েশা সিদ্দিকা রাখা হয়। ওই দিনই তারা বিয়ে করেন। নিহত দম্পতি ওই ভাড়া বাড়িতে বসবাস করতেন।
বাড়ির মালিক শাহাদাত হোসেন বলেন, ‘তারা দুজন গত ১ আগস্ট আমার বাসায় ওঠে। বাড়ির পাঁচ তলার একটি ফ্লাটে ভাড়ায় থাকতো। আজ বিকালে বাড়ির অন্য ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে আমাকে জানায়। পরে বিষয়টি পুলিশে জানাই। পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করেছে।’
পুলিশ সূত্র বলছে, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, স্বামী-স্ত্রী কীটনাশক পান করে আত্মহত্যা করে থাকতে পারে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, ২/৩ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। আজকে গন্ধ পেয়ে বাড়িওয়ালা পুলিশে খবর দেয়। পরে ঘরের দরজা ভেঙে তাদের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল, অন্য কারও ভেতরে যাওয়ার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। এ ছাড়া একটি চিরকুট পাওয়া গেছে, সেটা দেখেও আত্মহত্যা মনে হয়েছে। তারপরও তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
লাশের পরিচয়ের বিষয়ে তিনি বলেন, ‘নিহত দুজনের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। শুধু নাম পেয়েছি, ওই নারী গত জুন মাসে হিন্দু থেকে মুসলমান হয়ে লাকি দাস থেকে নাম পরিবর্তন করে আয়েশা রেখেছে। স্বামীর নাম রবিউল।’
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, ‘লাশের পাশে চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লিখা ছিল, ‘‘স্বেচ্ছায় জীবন দিলাম।’’ তবে কী কারণে জীবন দিয়েছে সেই কারণ লেখেনি। তাদের লাশ ফ্লোরে ছিল। আর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের দরজা কেটে ভেতরে প্রবেশ করতে হয়েছে। তাই এটা আত্মহত্যা বলে মনে হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’









