গাজীপুরে চুরি করতে গিয়ে তিন তলা থেকে নিচের সীমানা প্রাচীরের লোহার গ্রিলের ওপর পড়ে চোর বাবুল ইসলামের (৪২) মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে, শুক্রবার রাতে গাজীপুর মহানগরীরের ক্যান্টনমেন্ট বোর্ড সংলগ্ন (চতর) শান্তিবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
বাবুল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় বসবাস করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এসআই শিবলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চতর এলাকার আমিনুল ইসলামের বাড়ির (সিরাজ গার্ডেন) সীমানা প্রাচীরের ওপরের লোহার গ্রিলে বিদ্ধ হয়ে ঝুলন্ত অবস্থায় থাকা অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে। নিহতের ঘাড় ও ডান পায়ে লোহার গ্রিলের রড ঢুকে আটকে ছিল। ওই গ্রিলের ওপর সে কীভাবে পড়েছিল তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, শুক্রবার রাতের যেকোনও সময় চুরি করতে গিয়ে ওই বাড়ির তৃতীয় তলা থেকে পাশের ভবনে যাওয়ার সময় নিচে সীমানা গ্রিলের ওপর পড়ে গেলে ঘাড় ও পা রডে বিদ্ধ হয়ে আটকে সে ঝুলে থাকে। এতে তার মৃত্যু হয়েছে বলে বাড়ির মালিক ও স্থানীয়রা ধারণা করছেন। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, খবর পেয়ে গাজীপুর পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করে।









