নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় জয়নুর রহমান জনি (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) ভোরে সরকারি মহিলা কলেজের সামনে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
জনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার লাল্টু মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরী এলাকার ফেইম অ্যাপারেল লিমিটেডে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান বলেন, ভোরে রেললাইনের পাশ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছেন। তার কাছে বাসের টিকিট ছিল। ভোরে গ্রামের বাড়ি থেকে বাসে নারায়ণগঞ্জে পৌঁছান জনি। রেললাইনের পাশে লাশ পড়ে থাকায় রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান জানান, ভোরে পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালনের সময় লাশ দেখতে পান। নিয়ম অনুযায়ী রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।
এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমানের ফোনে একাধিকবার কলা করা হলেও রিসিভ হয়নি।









