গোপালগঞ্জে গাজী বোরহান নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ও প্রাইভেটকার নিয়ে চম্পট দিয়েছেন তার গাড়িচালক শফিউল। সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় গোপালগঞ্জ শহরের সাব রেজিস্টার অফিসের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ব্যবসায়ী গাজী বোরহান গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ব্যবসায়ী গাজী বোরহান উদ্দিন জানান, তিনি ঢাকার নবাবপুরে ইলেকট্রিক ব্যবসা করেন। একটি জমি দলিলের উদ্দেশে রবিবার ব্র্যাক ব্যাংক নবাবপুর শাখা থেকে ২২ লাখ টাকা তুলে নিজের প্রাইভেট কারেগ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী আসেন। টাকা গাড়িতে রেখেই তিনি সাব রেজিস্টার অফিসে ঢোকেন। কিছুক্ষণ পর টাকার প্রয়োজন হলে তিনি চালক শফিউলকে ফোন দেন। ফোনে সাড়া না পেয়ে তিনি বাইরে এসে চালককে খুঁজে না পেয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি আরও জানান, গত জানুয়ারি মাসে ৪৩ লক্ষ টাকা মূল্যের প্রিমো ব্র্যান্ডের প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ ৪৭৮৩১৮) কেনার পর শফিউলকে চালক হিসেবে নিয়োগ দেন। শফিউলের বাড়ি চট্টগ্রামের হলেও তিনি শ্বশুরবাড়ি নোয়াখালীতে থাকেন।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত ঘোষ সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। তদন্ত পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।









