ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই নৌপথে নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে প্রায় দুই শতাধিক যানবাহন।
ফেরিঘাট সূত্র জানায়, শনিবার রাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে কিছুই দেখা যাচ্ছিল না। এ অবস্থায় রাত আড়াইটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশায় পাটুরিয়া ছেড়ে আসা একটি ফেরি মধ্যরাতে পদ্মা নদীর মাঝে আটকা পড়ে।
এদিকে ফেরি বন্ধ থাকা ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া কফিল ফিলিং স্টেশন পর্যন্ত এক কিলোমিটার এলাকায় যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হচ্ছিল। এ কারণে দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১১টি ফেরি চলাচল করছে।








