বিশ্ব ইজতেমায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি এবং অতিরিক্ত দামে কম্বল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, পচা ও বাসি খিচুড়ি বিক্রির অপরাধে মুন্নু সিরামিকস গইট সংলগ্ন আল্লাহর দান হোটেলকে পাঁচ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর বিক্রির অপরাধে বিক্রেতাকে এক হাজার টাকা ও অতিরিক্ত দামে কম্বল বিক্রির অপরাধে বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
তিনি আরও জানান, এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি না করার জন্য ইজতেমা এলাকার হোটেল মালিক, অন্যান্য খাবার ও ফল বিক্রেতাদেরকে সচেতন করা হয়েছে।








