গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত ও ট্রাকচাপায় বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) সাড়ে ৮টায় কালিয়াকৈরের মেদীআশুলাই এলাকায় ট্রাক চাপায় দিনমজুর এবং সকাল সাড়ে ৯টায় শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী (পাগলা) ব্রিজে দুই কলেজছাত্র নিহত হন। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- দিনমজুর মিয়া চাঁন (৬০)। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাদচাল গ্রামের বাসিন্দা। দুই কলেজছাত্র কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা শাকিল হোসেন (১৮) ও কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সিয়াম (১৮)।
কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার জানান, গত দুই মাস আগে কাজের সন্ধানে মিয়া চাঁন নিজ গ্রাম থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় আসেন। শুক্রবার ভোরে সিএনজিযোগে মাওনা থেকে কালিয়াকৈর যাওয়ার জন্য রওনা হন। কালিয়াকৈরের মেদীআশুলাই এলাকায় পৌঁছালে মিয়া চাঁন সিএনজি থেকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুই বন্ধু গাজীপুর বিজিএমইএ কলেজের ছাত্র মোটরসাইকেলযোগে গাজীপুর যাচ্ছিলেন। প্রহলাদপুর-গাজীপুর সড়কের ডুমনী (পাগলা) স্টিলের ব্রিজে দ্রুতগতিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে মোটরসাইকেলচালক দুই বন্ধু নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।








