গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে টঙ্গী-ভৈরব রেল সড়কের পূবাইলের বসুগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শ্রমিক হলেন—গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিনথোপা গ্রামের আব্দুল রহিমের ছেলে মিলন মিয়া (১৯) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে ঝরনা আক্তার (২২)।
প্রাইম সোয়েটার লিমিটেড কারখানার কর্মকর্তা মাহবুবর রহমান উজ্জ্বল বলেন, ‘তারা দুজনই প্রাইম সোয়েটার পোশাক কারখানায় কাজ করতেন। পূবাইলে বাসা ভাড়া নিয়ে থাকতেন।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘দুপুরে বসুগাঁও এলাকায় রেলপথ পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মিলন ও ঝরনা। খবর পেয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।’









