মাদারীপুরের শিবচরে একটি দোকানের শাটারের তালা ও ক্যাশ বাক্সের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিবচর উপজেলার শেখপুর বাজারের মেইন রোডে শামীম মোল্লার মালিকানাধীন মোল্লা কনফেকশনারি ও বিকাশের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় নগদ আড়াই লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানান দোকানদার।
ভুক্তভোগী শামীম মোল্লা দাবি করেন, ‘প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মাগরিবের নামাজ পড়তে যাই। নামাজ শেষ করে এসে দেখি, দোকানের শাটার খোলা। পরে ভেতরে গিয়ে দেখি, ক্যাশ বাক্স ভাঙা এবং ভেতরে থাকা বিকাশ ও ফ্লেক্সিলোডের প্রায় আড়াই লাখ টাকা চুরি হয়ে গেছে।’
এ সময় তার পাশের দোকানদার রিয়াদ শিকদার বলেন, ‘কয়েকদিন ধরে শিবচরে চুরির ঘটনা বেড়েছে। এখন নামাজ পড়তে গেলেও চুরি হয়। এক কথায় চোর দোকানদারদের পাহারা দেয়। চোরেরা আগে থেকে মার্কেটে ঘোরাফেরা করে, যখন একটু সুযোগ পায়, তখন চুরি করে সব কিছু নিয়ে যায়।’
এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে। যাদের ব্যবসা তাদের আরও সতর্ক থাকতে হবে। তবুও বিষয়টি দেখছি।’









