শ্রীপুরে ৩ শ্রমিকের মৃত্যু, কারখানায় ছিল না কাজের পরিবেশ ও নিরাপত্তাবেষ্টনী

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
৩১ মার্চ ২০২৩, ০৪:৪৯আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৭:২৫

গাজীপুরের শ্রীপুরে কারখানার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ছাদে রড উঠাতে গিয়ে কাত হয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়। কাজের স্থানে কোনও রকম নিরাপদ পরিবেশ ও নিরাপত্তাবেষ্টনী ছিল না বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেডে (ইউনিট-২) এ দুর্ঘটনা ঘটে। কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আরিফুল ইসলাম তিন জনের মৃত্যুর বিষিয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই গ্রামের বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫)। তারা আলিফ এন্টারপ্রাইজের অধীনে দৈনিক মজুরি ভিত্তিতে ওই কারখানায় নির্মাণশ্রমিকের কাজ করছিলেন। ঘটনার পর থেকে ওই এন্টারপ্রাইজের ঠিকাদার ইব্রাহিম খান পলাতক।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান বলেন, আরমাদা স্পিনিং কারখানায় সকাল ৮টায় দুর্ঘটনা ঘটলেও সকাল ৯টা ১০ মিনিটে খবর পাই। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ৯টা ২৫ মিনিটে পৌঁছাতে সক্ষম হই। কারখানায় প্রবেশ করে দেখতে পাই, তিনতলা ভবনের নির্মাণকাজ চলছে। দৈনিক হাজিরা ভিত্তিতে নির্মাণশ্রমিকরা কাজ করছিলেন। তারা ২৫ মিলি রড রশি দিয়ে ওপরে উঠাচ্ছিল। রডগুলো কারখানার বাইর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে লেগে যায়। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়।

স্টেশন অফিসার আরও বলেন, আমরা নিহতদের লাশগুলো বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় দেখতে পাই এবং উদ্ধার করি। তাদের শরীর ঝলসানো অবস্থায় পাওয়া গেছে। কী কারণে লাশ বালু চাপা দিয়ে রাখা হয়েছিল, তা বলতে পারছি না।

নাম প্রকাশ না করার শর্তে নিহতদের কয়েকজন সহকর্মী জানান, ভবন নির্মাণে কোনও ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। হাতে গ্লাভস, পায়ে প্লাস্টিকের জুতা, মাথায় প্লাস্টিকের হেলমেট বা অন্য কোনও ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছিল না।

সরেজমিন দেখা যায়, নির্মাণাধীন ভবনের সামনে দুটি বালুর স্তূপ রয়েছে। তিন জনের লাশ একটি বালুর স্তূপে চাপা দেওয়া অবস্থায় ছিল। 

কারখানার এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তিন শ্রমিকের শরীরে আগুন ধরে গিয়েছিল। আগুন নেভানোর জন্যই তাদের বালুর স্তূপে রাখা হয়েছিল।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মাওনা জোনাল) অফিসের উপ-মহাব্যবস্থাপক আহমদ শাহ আল জাবের বলেন, সকাল ৯টার দিকে হঠাৎ আমাদের দক্ষিণ পাশের লাইন বন্ধ হয়ে যায়। পরে খবর নিয়ে জানতে পারি কেওয়া পূর্বখণ্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২ এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আমাদের বিদ্যুৎকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্রীপুর পৌরসভার প্রকৌশলী হারুনুর রশীদ ও সার্ভেয়ার মোহাম্মদ মোস্তফা কামাল জানান, স্কাইনিট পাওয়ার কোম্পানির কাছ থেকে আরমাদা স্পিনিং লিমিটেড কারখানাটি কিনে নেয়। তাদের মধ্যে লেনদেন হলেও কাগজপত্র সম্পাদন এখনও বাকি রয়েছে। আলিফ এন্টারপ্রাইজ কারখানা ভবন নির্মাণের অনুমোদন নিয়েছে। আলিফ এন্টারপ্রাইজের কাছ থেকে ঠিকাদার ইব্রাহীম কাজের অনুমোদন নিয়ে ভবন নির্মাণের কাজ করছেন। ঠিকাদার ইব্রাহীমকে শ্রমিক সরবরাহ করেছেন গোলাম রব্বানী।

গোলাম রব্বানী জানান, পিয়াস, পাভেল ও মনোয়ার সকাল ৭টার দিকে কাজে আসেন। তারা কারখানার পশ্চিম পাশের ভবনের ওপর রড তোলার কাজ করছিলেন। সকাল ৮টার দিকে রড খাড়া করার সময় কাত হয়ে যায় এবং পাশের বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়।

শ্রমিকদের কোনও ধরনের নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে কারখানার সহকারী মহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) নজরুল ইসলাম বলেন, আমি ঘটনার সময় কারখানায় উপস্থিত ছিলাম না।

শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। তবু পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

/এলকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ