রাজবাড়ীর গোয়ালন্দে গোয়ালঘর থেকে গরু চুরির পর জবাই করে রানের মাংস নিয়ে যাওয়ার ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
গ্রেফতার আসামিরা হলেন- উপজেলার হামেদের হাট (ছামুর মোড়) এলাকার সাহেব শেখের ছেলে শামীম শেখ (২৫), দক্ষিণ দৌলতদিয়া মিনাজদ্দিন পাড়া এলাকার সিদ্দিক মৃধার ছেলে সবুজ (১৯) ও দক্ষিণ দৌলতদিয়া মিনাজদ্দিন পাড়া এলাকার বারেক বেপারীর ছেলে হারুন বেপারী (২৭)।
আরও পড়ুন: গরু চুরি করে জবাই, রানের মাংস নিলেও ফেলে গেছে বাকি অংশ
ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ২৬ মার্চ রাত আনুমানিক ২টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হুকুম মাতুব্বর পাড়া গ্রামের শামছুল হকের গোয়াল ঘর থেকে চোরেরা একটি গরু চুরি করে বাড়ির পাশে ওমেদ আলী সরদারের বাঁশ বাগানে নিয়ে জবাই করে দুই পা নিয়ে যায়। ধারণা করা হচ্ছে লোকজন সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে যাওয়ায় গরুর অবশিষ্ট মাংস ফেলে চোরেরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে তদন্তে নামে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) মধ্যরাতে দুই আসামিকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে গরু জবাইয়ের কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয় এবং তথ্যমতে আরেক আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা উভয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে। তাদের আজ দুপুরে আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।









