
রাস্তা নির্মাণ ও মামলা দায়ের নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের আওয়ামী লীগের দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কাউন্সিলরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় দুই কাউন্সিলরের দুটি মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ ৮টি গাড়ি ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।
শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই জাকির বলেন, সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা উদ্ধার এবং ৭ জনকে আটক করে।
গাজীপুর সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল জানান, ভাড়ারিপাড়া এলাকার একটি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি ফিরছিলেন। কামারজুরি উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর সানাউর রহমান ও তার কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা করে। হামলাকারীরা তার মাইক্রোবাসসহ একটি জিপ ও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
হামলায় ওবায়দুর রহমান, লিটন, রুহুল, ফেরদৌস, বাবু, নবীন ও জসিমসহ কয়েকজন আহত হয়। গুরুতর আহত ওবায়দুরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরেক কাউন্সিলর সানাউর রহমান জানান, সড়কের সলিংয়ের কাজ করার সময় বাধা ও চাঁদা দাবির ঘটনায় মামুন মণ্ডলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এতে মণ্ডল ক্ষুব্ধ হয়ে তার লোকজন নিয়ে হামলা করে। হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মিঠু শেখ জানান, দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে ভোররাতে ৭ জনকে আটক করা হয়েছে।
/এআর/এসটি/








