সাভারের আশুলিয়া থানার বিভিন্ন মামলায় আলামত হিসেবে জব্দ করা গাড়ি রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি গাড়ি পুড়ে গেছে।
রবিবার (২৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়া থানার (পুরাতন) সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানা পুলিশ ও ডিইপিজেড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় আলামত হিসেবে জব্দ করে রাখা গাড়িগুলোর একটির নিচ থেকে ধোঁয়া বের হয়। পরে অন্যান্য গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ‘আগুনে ১০টির মতো গাড়ি পুড়েছে। পুড়ে যাওয়া গাড়ির অধিকাংশই প্রাইভেটকার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানটি মহাসড়কের পাশে হওয়ায় কারও ফেলা সিগারেট বা এই জাতীয় কিছু থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবে পুলিশ।’
আশুলিয়া থানার মালখানার (আলামত রক্ষণাবেক্ষণ) দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. আউয়াল হোসেন বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করবে পুলিশ।’









