গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন নগরবাসীর সেবক হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। তার দীর্ঘদিনের স্বপ্ন এই সিটিকে দেশের মডেল সিটি হিসেবে গড়ে তোলা। এই স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা ও ভোট চেয়েছেন। এ সময় লাঙলে ভোট দিলে এবং মেয়র হলে সবুজ সিটি গড়তে গাজীপুরে বছরে কমপক্ষে তিন লাখ বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় শহরের সেন্ট্রাল পাবলিক কলেজ সভাকক্ষে সংবাদ সম্মেলনে নির্বাচনি ইশতেহার ঘোষণা করে এসব প্রতিশ্রুতি দেন জাপার এই প্রার্থী।
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখার কথা উল্লেখ করে নিয়াজ উদ্দিন বলেন, মেয়র নির্বাচিত হলে মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সৃজনশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলবো। শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান, (স্কুল-কলেজ ও মাদ্রাসা), পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রতি থানায় একটি করে কারিগরি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করবো। আধুনিক স্থাপত্যবিদ ও নগর পরিকল্পনাকারীদের পরামর্শে পরিকল্পিত এবং আধুনিক নগর গড়ে তুলবো।
নাগরিকদের নানা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে জাপার এই প্রার্থী বলেন, পেশিশক্তি, টেন্ডারবাজিসহ সব অনৈতিক প্রভাব থেকে সিটিকে মুক্ত করা হবে। নগরকে মাদক ও সন্ত্রাসমুক্ত গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করবো। সর্বসাধারণের চিকিৎসাসেবার সুবিধার্থে প্রতি ওয়ার্ডে কমিউনিটি হেলথ সেন্টার স্থাপন করা হবে। যানজট নিরসনে জয়দেবপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভারসহ বিভিন্ন স্থানে ফ্লাইওভার নির্মাণ করা হবে। উন্নতমানের বাস টার্মিনাল ও বাস স্টপেজ নির্মাণসহ নগরবাসীর চলাচলের জন্য চক্রাকার বাস এবং রাজধানী পর্যন্ত বিশেষ বাস সার্ভিস চালুর ব্যবস্থা করবো।
পোশাকশ্রমিকদের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে নিয়াজ উদ্দিন আরও বলেন, শিল্প অধ্যুষিত এই সিটিতে পোশাকশ্রমিকদের নিরাপদ আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে। নগরের নয়টি থানায় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত ও সব ওয়ার্ডে আধুনিক শিশুপার্ক নির্মাণ করা হবে। দুস্থ, অসহায়, ভূমিহীন পরিবারের জন্য বাড়ি নির্মাণ, পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে আবর্জনা অপসারণের পদক্ষেপ নেবো।
সবুজ সিটি গড়ার লক্ষ্যে বছরে কমপক্ষে তিন লাখ বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দিয়ে লাঙল প্রতীকের এই প্রার্থী আরও বলেন, মহানগরের চিলাই, তুরাগ নদীসহ খাল খনন পূর্বক বিশুদ্ধ পানির প্রবাহ সৃষ্টি করে নদীর পাড়ে দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে ওয়াকওয়ে নির্মাণ করবো। ওয়ার্ডভিত্তিক নিম্নবিত্তদের স্বাবলম্বী করার জন্য পুঁজি বিনিয়োগ ব্যবসা চালু করবো।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মনোয়ার হোসেন, হারুন অর রশিদ, শেখ মাসুদুল আলম টিটিু ও জাকির হোসেন প্রমুখ।









