পদ্মা সেতুতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে উঠে নিরাপত্তা কর্মী দেখে নদীতে লাফ দিয়েছেন চালক। রবিবার (১৮ জুন) রাত ৩টার দিকে সেতু থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ হন অজ্ঞাত ওই রিকশাচালক।
রিকশাচালকের সন্ধানে সোমবার (১৯ জুন) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ৩টার দিকে মাওয়া প্রান্তের এক্সিট (সেতুর দক্ষিণ পাড় থেকে ঢাকাগামী গাড়ির লেন) লেন দিয়ে একটি রিকশা দ্রুত গতিতে সেতুতে উঠতে থাকে। পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে নিরাপত্তার দায়িত্বে টহলরত সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাকে থামাতে এগিয়ে আসে। এসময় রিকশাচালক দ্রুত চালাতে শুরু করেন। নিরাপত্তা কর্মীরা কাছাকাছি চলে এলে পদ্মা সেতুর ২১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় নদীতে লাফিয়ে পড়েন চালক।
লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহমেদ বলেন, ‘রাত ৩টার দিকে আমরা খবর পাই। পরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমরাসহ ঢাকার ডুবুরি দল সেতু এলাকার প্রায় তিন কিলোমিটার এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। এই ঘটনায় নিখোঁজের কোনও স্বজন এখন পর্যন্ত কেউ আসেনি।’
মাঝিঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বিশ্বাস জানান, এখনও চালকের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।
পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। রিকশাটি থানায় রয়েছে।
পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি এমারত হোসেন জানান, মাওয়া প্রান্ত থেকে এসে সেতুর ২১ নম্বর পিলার পর্যন্ত এসেছিল রিকশাটি। ওখান থেকে নদীতে ঝাঁপ দেন চালক। উদ্ধার অভিযান চলছে। রিকশাচালক কেন এমন ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি।









