টাঙ্গাইলের কালিহাতীতে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় শাশুড়ি-ছেলের বউ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (২৭ জুন) রাত ৯টার দিকে এলেঙ্গা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কালিহাতী পৌরসভাধীন বাগুটিয়া চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মাইজবাড়ীচর গ্রামের আব্দুল হকের স্ত্রী নিশি (২২) ও তার মা নাসিমা বেগম (৪৫)। তারা দুজনেই পোশাক কর্মী ছিলেন।
নিহত নাসিমার ছেলে বিপ্লব বলেন, ঈদের ছুটিতে মা, ভাই, ভাবী, খালা ও খালুসহ প্রায় ২০ জন বাইপাইল থেকে একটি পিকআপে করে বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে পিকআপটি ঘটনাস্থলে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকে ধাক্কা লাগে। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই আমার ভাবী মারা গেছেন। আর হাসপাতালে নেওয়ার পর আমার মায়ের মৃত্যু হয়।’
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার এলিন আরাফাত অনিক জানান, ১৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে এক নারী হাসপাতালে মারা গেছেন। আর পাঁচ জনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর সাকিব জানান, কালিহাতী উপজেলার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকে যাত্রীবাহী পিকআপ ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক ও পিকআপ জব্দ করে থানায় নেওয়া হয়েছে।








