ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকার মোল্লার বাজারে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।
শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে আসা আনন্দ পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকার মোল্লার বাজার স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় বাসের ৮/১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদের উদ্ধারসহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়রা জানান,‘ঈদে সড়কে বাস চলাচল অনেক বেশি রয়েছে। ভাঙ্গাগামী লেনে আনন্দ পরিবহনের বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ করেই কাত হয়ে উল্টে খাদে পড়ে যায়।’
শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’









