মাদারীপুরের শিবচরে ঝর্ণা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের সাড়ে বিশ রশি গ্রামে একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঝর্ণা ওই এলাকার মৃত হাকিম আলী মুন্সির মেয়ে ও নড়াইল জেলার বাসিন্দা খোকন বিশ্বাসের স্ত্রী। তার দুই ছেলে সন্তান রয়েছে। প্রথম স্বামীর সঙ্গে তার তালাক হয়। পরে খোকনকে বিয়ে করেন। এরপর তাকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন ঝর্ণা। গত কয়েক মাস আগে খোকন অন্য জেলায় কাজ করতে যান। মাঝে মধ্যে আসতেন। তবে প্রায় তাদের মধ্যে নানা বিষয়ে ঝগড়া লেগেই থাকতো।
স্থানীয়রা জানান, ঝর্ণা পেশায় শ্রমিক ছিলেন। গত মঙ্গলবার থেকে ঝর্ণা নিখোঁজ হন। এরপর থেকে তাকে খুঁজতে থাকেন পরিবারের লোকজন। শুক্রবার সকালে বাড়ির পাশের বাঁশ বাগান থেকে গন্ধ বের হলে লোকজন গিয়ে সেখানে ঝর্ণার গলিত মরদেহ দেখতে পায়।
নিহতের ছেলে শফিকুল বলেন, ‘আমি ঢাকা থাকি। খোকন কয়েকদিন ধরে পলাতক। সে আমার মাকে মেরে পালিয়েছে। আমরা তার বিচার চাই।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, সকালে এলাকার লোকজন থানায় খবর দিলে আমরা সেখানে যাই। মরদেহটি দুই-তিনদিন আগের। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি ফুলে যাওয়ার কারণে আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। পাশাপাশি খোকনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার খোঁজ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।








