গাজীপুরে পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করেছে তুসুকা গ্রুপ। শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কোনাবাড়ি থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে অভিযুক্ত করে এ মামলা করা হয়। কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে তুসুকা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন।
রবিবার (১২ নভেম্বর) দুপুরে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরও জানান, আগেও শ্রমিক বিক্ষোভ, কারখানায় অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় কোনাবাড়ি থানায় মামলা হয়েছে। ওই মামলায় চার হাজারের বেশি শ্রমিককে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে, কোনাবাড়ি এলাকার অধিকাংশ কারখানা বন্ধ থাকলেও রবিবার সকাল থেকে গাজীপুরের কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। পরিবেশ অন্যদিনের তুলনায় স্বাভাবিক রয়েছে। তবে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোরে বসে থাকলে কর্তৃপক্ষ বেলা ১১টায় ছুটি ঘোষণা করে। এ সময় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা থেকে বের হয়ে পড়েন। তবে ওই কারখানা ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে মজুরি বোর্ড ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা বেতন ঘোষণা করে। ঘোষিত ওই বেতন প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষোভ ও আন্দোলন করে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১২৩টি কারখানায় ভাঙচুরের অভিযোগে ২২টি মামলা হয়েছে।









