গাজীপুরে যানবাহনে অগ্নিসংযোগের উপকরণসহ চার কিশোরকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাদের আটক করা হলেও সোমবার (১৩ নভেম্বর) বিকালে বিষয়টি জানায় পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম বলেন, ‘রবিবার রাতে মহানগরীর সদর থানার দক্ষিণখান এলাকার এশিয়ান হাইওয়ে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচি বাস্তবায়নে যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছিল। তারা গাছা থানা এলাকার বাসিন্দা।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা বলেন, ‘রবিবার রাতে পেট্রোল ও অগ্নিসংযোগের উপকরণ নিয়ে এশিয়ান হাইওয়েতে অপেক্ষা করেছিল তারা। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পেট্রোল ও কাপড় পেঁচানো বাঁশের চারটি লাঠিসহ যানবাহনে অগ্নিসংযোগের উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’








