মুন্সীগঞ্জের টংগীবাড়ি এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ ও ঢাকা ধানমন্ডি এলাকার মাহফুজুর রহমান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঘটনাস্থলের অদূরে স্থানীয়রা ওই দুই মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মুন্সীগঞ্জ চর আবদুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিম গিয়ে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে চর আব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসনাত জামান বলেন, দুর্ঘটনাস্থলের কাছেই লাশ দুটি ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী তাদের খবর দেয়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ টংগীবাড়ি উপজেলার হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে খেয়া পারাপারের ট্রলারটি একটি বাল্কহেডের ধাক্কায় অন্তত ৪০ জন যাত্রী নিয়ে ডুবে যায়। ঘটনার পরপরই নারী ও শিশুর দুই লাশ উদ্ধার করেন স্থানীয়রা। নিখোঁজ থাকে দুই জন। আজ সকালে তাদের লাশও উদ্ধার হলো।








