গাজীপুরের কালীগঞ্জে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরাজ হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোর কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়াড়িয়াখোলা (বড়বাড়ী) গ্রামের মোবারক হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তার বড় ভাই মিনহাজ জানান, থার্টি ফার্স্ট নাইটের আয়োজন করতে রাত পৌনে ৮টার দিকে নিজ বাড়ির পাশে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মিরাজ। পরে বাড়ির পাশে কাউকে পড়ে থাকতে দেখে তিনি এগিয়ে গিয়ে দেখেন তারই ছোট ভাই মিরাজ। স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার এসআই কামাল হোসেন বলেন, কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।









