মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া নৌকার কর্মীর নাম ডালিম সরকার (৩৫)। আহত কর্মী সোহেল (৪৫)।
মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ও প্রত্যক্ষদর্শী হাসিবুল ইসলাম শান্ত দাবি করেন, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থক রিপন পাটোয়ারীসহ ফরহাদ খার নেতৃত্বে আমঘাটা থেকে পলাশ, রতন, শিপন, সোহাগসহ লোকজন এসে মুন্সীকান্দিতে নৌকার সমর্থক ৯-১০ জনের ওপর এলোপাতাড়ি গুলি করেছে।
জানা গেছে, এই ঘটনায় গুলিবিদ্ধ ডালিম ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, ভোরে মুন্সীগঞ্জ থেকে গুলিবিদ্ধ ডালিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামলার বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যান রিপন পাটোয়ারীর মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সোহাগ রাতেই জানিয়েছেন, গুলিবিদ্ধ ডালিমের অবস্থা আশঙ্কাজনক। শরীরে রক্তক্ষরণ হচ্ছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত দুই জনকে হাসপাতালে নিয়ে আসে। একজনের গায়ে ক্ষত আছে। তবে তা কিসের ক্ষত আমরা বলতে পারছি না। লিখিত কোনও অভিযোগ এখনও পাইনি।








