গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদহীন নিবন্ধন ও অনিবন্ধিত টেকনিশিয়ান দিয়ে প্যাথলজিকাল ল্যাব টেস্ট, এক্স-রে করানোসহ বিভিন্ন অপরাধে চারটি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন র্যাবের (সদরদফতর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান জানান, মাইশা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক শরীফ হোসেনকে এক লাখ, সেবা হাসপাতালের ব্যবস্থাপক লিটন খলিফাকে ৫০ হাজার, ফাতিমা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক তাজুল ইসলামকে ৮০ হাজার, নিউ লাইভ হাসপাতাল ও ট্রমা সেন্টারের ব্যবস্থাপক আশিক উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সহকারী সার্জন ডা. এস এম আহসানুল্লাহ উপস্থিত ছিলেন। জরিমানার মাধ্যমে আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাবের ওই কর্মকর্তা আরও জানান, সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে ক্লিনিকে অপচিকিৎসার ফলে বেশ কয়েকজন রোগীর মৃত্যু, অসাধু ব্যক্তির সমন্বয়ে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসার নামে প্রতারণা, মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশন ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে অসুস্থ মানুষকে প্রতারিত করে আসছে। মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত এবং প্রতারণারোধে র্যাব এ অভিযান পরিচালনা করেছে।








