মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে খোদা হাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে ফ্যাক্টরিতে থাকা তিন জন দগ্ধ হন।
বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান দগ্ধরা।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিনশেডের জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় তিন জন দগ্ধ হন।
দগ্ধরা হলেন- ইকবাল (৩৫), মতিউর রহমান (৩৩) ও রাকিব (২৬)।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা ঢাকা শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মোস্তফা মহসীন জানান, খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিসের দুইটি ও নারায়ণগঞ্জের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। আশপাশে কোনও আবাসন না থাকায় আগুন ছড়াতে পারেনি। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।









