মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাটিবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ সময় বাল্কহেডে থাকা পাঁচ জনকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসা হয়েছে। এদিকে বাল্কহেডে ধাক্কা দেওয়া যাত্রীবাহী লঞ্চটির তলা ফেটে গেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটের অদূরে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ধলেশ্বরী নদীতে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে সাড়ে চার শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালীর চরমন্তাজ এলাকায় যাচ্ছিল। পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীতে বরিশালের মুলাদি থেকে নারায়ণগঞ্জের বক্তাবলির উদ্দেশ্যে মাটি বোঝাই করে আসা বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা পাঁচ জনকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নিয়ে আসেন।
এদিকে বাল্কহেডটিকে ধাক্কা দেওয়ায় যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-৯-এর তলা ফেটে গেলে নিরাপদে তীরে নোঙর করা হয়েছে। ঢাকা সদরঘাট থেকে পূবালী-৯ নামের আরেকটি লঞ্চ ইতিমধ্যেই রওনা হয়েছে। ওই লঞ্চটি এসে দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রীদের নিয়ে পটুয়াখালী রওনা হবে।
নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদ বলেন, লঞ্চের তলা ফেটে গেছে। আমরা ঢাকায় খবর পাঠিয়েছি আরেকটি লঞ্চ পাঠানোর জন্য। সেটা এলে যাত্রীদের গন্তব্যে পাঠানো হবে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।









