কোটা সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জের জালকুড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বুধবার (১৭ জুলাই) বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকরি করইতলা এলাকায় এ অবরোধ করা হয়।
এ সময় সড়কের পাশে দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। কোটা আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে সড়ক মুখরিত করে তোলেন।
আন্দোলনকারীরা সবাই শিক্ষার্থী বলে দাবি করেছেন সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব হাসান তিনি বলেন, আমরা সবাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আমরা মুক্তিযুদ্ধকে সমর্থন করি এবং মুক্তিযোদ্ধাদেরও সমর্থন করি। তবে এই কোটার বিপক্ষে আমাদের অবস্থান। এই দাবিতে আন্দোলন করতে গিয়ে গতকাল সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রতিবাদে আমরা সারাদেশে আন্দোলন করছি। অংশ হিসেবে আজ এখানে আমাদের অবস্থান। এখানে সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করছে। বহিরাগতদের আন্দোলনে শরিক হওয়ার সুযোগ নেই।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বলেন, এই ঘটনার তথ্য পেয়েছি কে বা কার সড়ক অবরোধ করেছে। তবে তারা শিক্ষার্থী কিনা এ বিষয়ে নিশ্চিত নয়, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।









