একসঙ্গে বহাল দুটি সরকারি চাকরিতে। সোহাগ হাওলাদার নামে এক ব্যক্তি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের অফিস সহায়ক হিসেবে কর্মরত থাকলেও তথ্য গোপন করে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা পরিদর্শক পদে চাকরি নিয়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে।
চলতি বছরের ১৩ মে পরিচ্ছন্নতা পরিদর্শক পদে নিয়োগ পান সোহাগ। ডিএসসিসির তৎকালীন সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত নিয়োগ আদেশে ২ জুন পরিচ্ছন্নতা পরিদর্শক পদে ডিএসসিসিতে যোগদান করে তিনি ২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন শুরু করেন। তবে ৭ জুলাই থেকে কর্মস্থলে অনুপস্থিত সোহাগ হাওলাদার।
২০২১ সালের ১ নভেম্বর গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে যোগদান করেন গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের আওলাদ হোসেন হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার। বর্তমানে তিনি ডিসি অফিসের রেকর্ড রুমে কর্মরত রয়েছেন। তবে সরকারি চাকরিতে কর্মরত থাকলেও সিটি করপোরেশনে চাকরির আবেদনে তা গোপন করেছেন সোহাগ হাওলাদার।
অভিযুক্ত সোহাগ হাওলাদার অপরাধ স্বীকার করে বলেন, ‘সরকারি চাকরিতে থেকে আরেকটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করা অন্যায় হয়েছে। সবাই চায় ওপরে উঠতে, আমি সেটা করেছিলাম।’ তিনি আরও দাবি করেন, পারিবারিক কারণ দেখিয়ে গত ১৮ আগস্ট স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন জমা দিয়েছি।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘একই সঙ্গে দুটি সরকারি চাকরি করার সুযোগ নেই। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি আমি অবগত ছিলাম না। এখন জানতে পেরেছি বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে সে দোষী হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, জনবল নিয়োগ পরীক্ষার ফল এবং এ সংক্রান্ত কমিটির সুপারিশের আলোকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধি ৪ ও ৬ অনুযায়ী চলতি বছরের ১৩ মে পরিচ্ছন্নতা পরিদর্শক পদে নিয়োগ পান সোহাগ। ২৭ জনের সঙ্গে পাওয়া নিয়োগ আদেশে তার ক্রমিক নম্বর ৯। ডিএসসিসির তৎকালীন সচিব আকরামুজ্জামান ওই নিয়োগ আদেশে স্বাক্ষর করেন।
এদিকে, গত ২ জুন পরিচ্ছন্নতা পরিদর্শক পদে ডিএসসিসিতে যোগদান করে ২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন শুরু করেন। তবে ৭ জুলাই থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সোহাগ। গত ২৪ জুলাই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবু তাহেরের কাছে পাঠানো এক পত্রে জানানো হয়, সোহাগ পারিবারিক কারণে ৩ দিনের ছুটিতে গিয়েছিলেন। কিন্তু এরপর কর্মস্থলে উপস্থিত না হয়ে জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন তিনি।









