মুন্সীগঞ্জে হত্যা মামলায় জড়িত প্রকৃত অপরাধীদের যথাযথ শাস্তি, মূল আসামিদের জামিন না দিতে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণের ব্যানারে বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী মুন্সীগঞ্জ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন প্রাঙ্গণে তারা অবস্থান নিয়ে স্লোগান দেন। এর আগে ছাত্র-জনতা মুন্সীগঞ্জ সুপার মার্কেট এলাকা থেকে পায়ে হেঁটে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেন।
এ সময় অবস্থান কর্মসূচি থেকে গত ৪ আগস্ট মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা চালিয়ে যারা হত্যা করেছে, যারা শত শত ছাত্র-জনতাকে আহত করেছে- সেই প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেন তারা।
এ সময় বক্তারা বলেন, ঘটনার যথাযথ তদন্ত করে প্রকৃত দোষী যারা তাদের বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়া ষড়যন্ত্রমূলকভাবে নিরপরাধ কাউকে যদি মামলায় জড়ানো হয় তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে দাবিও জানান তারা।
উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে সজল ও ডিপজল হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার দুই আসামিকে জামিন দেয় আমলি আদালতের বিচারক। এর পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতা এই কর্মসূচি পালন করে।








