সাভারে সেফটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে তেঁতুলঝড়া হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা এলাকার প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজে নেমে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন রংপুর জেলার কোতোয়ালি থানার শিরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে আনিসুল (৩৬) ও ভোলার দৌলতখানপুর থানা চরপাতা ইউনিয়ন আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তারা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় ভাড়াবাড়িতে থেকে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা বলেন, ‘সকালে লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজ করতে নামেন আনিসুল নামে এক নির্মাণশ্রমিক। বেশ কিছু সময় পর তার কোনও সাড়াশব্দ না পেয়ে সাইফুল নিজেও ট্যাংকের ভেতর যান।’
এরপর দুজনেরই কোনও সাড়াশব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিটন বলেন, ‘সেফটিক ট্যাংক থেকে দুই নির্মাণশ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।’









