মুন্সীগঞ্জের শ্রীনগরে হ্যান্ডকাফসহ এক ধর্ষণ মামলার আসামি পালিয়ে গেছে। শনিবার সকাল ৭টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চিকিৎসারত অবস্থায় আসামি মুহিত (২৫) পালিয়ে যায়।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই সোমনাথ জানান, শুক্রবার সন্ধ্যায় মাশুরগাঁও ফেরিঘাট এলাকার হোসেন বেপারীর ছেলে মুহিত ওই এলাকার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে মুহিতকে গণধোলাই দেন। পরে পুলিশ এসে মুহিতকে আটক করে এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার পুরুষ ওয়ার্ডে ভর্তি করে। শুক্রবার রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণ মামলা করেন। শনিবার সকালে আসামি মুহিত বাথরুমের ভেন্টিলেটর ভেঙে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়।
পুলিশের ওই কর্মকর্তা জানান, মুহিতকে খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে।
/বিটি/টিএন/







