দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছেন ‘নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ’। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়ে জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ও জনতা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারীরা জানান, গত ৪৮ ঘণ্টায় সারা দেশে ১৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি চিত্র প্রকাশ পাচ্ছে। দ্রুত এসব ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার দাবি করেন তারা। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।
এ সময় ‘যেই রাষ্ট্র ধর্ষকের, সেই রাষ্ট্র আমার না’, ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করো’, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মার মাগফেরাত কামনা করি’ ইত্যাদি লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেসটুন প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
এ কর্মসূচিতে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ফাতেমা রহমান বিথী, তাওহীদা ইসলাম স্বপ্নীল ও প্রেমা সরকার বক্তব্য দেন। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণির মানুষ।
প্রসঙ্গত, ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারীদের যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাসের যাত্রী বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ ঘটনার জড়িত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ডাকাতির বিষয়টি দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।









