ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। অতিরিক্ত যানবাহনের চাপ ও গাড়ি বিকল হওয়ায় এ সড়কে আজও ধীরগতি রয়েছে। আবার কোথাও কোথাও গাড়ি থেমে থেমেও চলছে। মহাসড়কের ঘারিন্দা থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়।
জানা গেছে, বুধবার (৪ জুন) মধ্যরাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপ ও গাড়ি বিকল হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৫ জুন) সারা দিন যানজট, ধীরগতি ও আবার থেমে থেমেও চলছে যানবাহন। রাতের চিত্রটাও একই ছিল। পরে ভোর থেকে এ সড়কে আবার যানবাহন ধীরগতিতে চলছে। মহাসড়কের ঘারিন্দা থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির ধীরগতি রয়েছে। আবার মাঝে মধ্যেই গাড়ি থেমে যাচ্ছে। এভাবেই উত্তরবঙ্গগামী মানুষ ভোগান্তি নিয়েই বাড়ি ফিরছেন।
এদিকে, মহাসড়কে যানজট নিরসনে নিয়োজিত সেনাবাহিনী-পুলিশ কাজ করেছে। যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে রেকার দিয়ে সরিয়ে নিতে সময় লাগায় যানজট লেগে যায়। এ ছাড়াও সদর উপজেলার ঘারিন্দা অংশে সকালে একটি মালবাহী ট্রাক উল্টে মহাসড়কে পড়ে তিন জন আহত হন।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান, মহাসড়কে একাধিক যানবাহন বিকল হয়েছে। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। এখন যানবাহনের ধীরগতি রয়েছে। তবে কোথাও গাড়ি থেমে নেই।









